২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চম্পা হত্যা মামলার রায় মঙ্গলবার

ফরিদপুরে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় মঙ্গলবার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 09:14 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম আব্দুর রহমান রায় ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠনের আন্দোলনের প্রেক্ষাপটে মামলাটি এই ট্রাইব্যুনালে পাঠানো হয়।

চম্পা ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং পুরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

ফরিদপুরে মামলাটির পিপি ছিলেন মো. খসরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ১৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে সোহরাব শেখের মেহগনি বাগান থেকে চম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ১৫ ডিসেম্বর চম্পার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

২০১৩ সালের ২০ মে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা মর্মে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।

এই পাঁচজন হলেন রাজবাড়ীর কোলা গ্রামের জাহিদ সর্দার (২৪), শামীম মণ্ডল (২৪) ও আকাশ মণ্ডল (২৪) এবং ফরিদপুরের উলুকান্দা গ্রামের বাবুল হোসেন (২২) ও মৌসুমী বেগম (২০)।

পিপি খসরুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ড ফরিদপুরে ব্যাপক আলোড়ন তোলে। বিচারের দাবিতে আন্দোলন করে বিভিন্ন সংগঠন। কবর থেকে লাশ তুলে পুনরায় ময়নাতদন্তও করা হয়।

“এই প্রেক্ষাপটে জেলার চাঞ্চল্যকর মামলা বিবেচনা করে ২০১৪ সালের ৯ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানো হয়।”

ট্রাইব্যুনালের পিপি মাহফুজুর রহমান মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার পাঁচ আসামির মধ্যে চারজন উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আসামি আকাশ মণ্ডল হত্যাকাণ্ডের পর থেকে পলাতক।