যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান।
নিহত আজিজুল হক (৩৫) ডিঙ্গেদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে ডিঙ্গেদহ বাজারের পাশে আজিজুলসহ কয়েকজন যুবক গল্প করছিলেন। এ সময় একদল অস্ত্রধারী আজিজুলকে কুপিয়ে আহত করে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
আহত আজিজুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত ডা. রাজিবুল ইসলাম মৃত ঘোষণা করেন।
রাজিবুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান আজিজুল।
ওসি সাইফুল বলেন, স্থানীয় যুবলীগের বিরোধ চলছে।এর জেরে কয়েকবার সংঘর্ষও হয়েছে।
দলের অন্তর্কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় সময় আলমডাঙ্গায় একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই তিনি মোবাইল ফোনে খবর পান ডিঙ্গেদহে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
