২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বরখাস্ত মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 08:36 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ পরোয়ানা জারি করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী গোলাম মওলা।

তিনি বলেন, ২০১৪ সালের ৪ জানুয়ারি রাতে নগরীর পিটিআই মোড়ে একটি ইজিবাইক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইক মালিক রবিউল ইসলাম খুলনা সদর থানায় নাশকতার মামলা করেন। এ মামলায় পুলিশ নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনিসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মঞ্জু, মনি, শেখ মো. মুরাদ হোসেন ওরফে সোহাগ ও মো. বাবুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।এ মামলার বাকি আসামিরা জামিনে রয়েছেন বলে জানান এ আইনজীবী।