২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের চড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহত

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ২২ নম্বর চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চড়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার সকালের এ ঘটনায় ওই ছাত্র মুরছালিনের মা পিয়া বেগম কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

শিশুটিকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়েছে।

স্কুল ছাত্রের মা পিয়া বেগম বলেন, “আমার ছেলে ইংরেজি ক্লাসে কিছুটা অমনোযোগী হয়ে পড়ে।

“স্কুলের সহকারী শিক্ষক সত্যজিৎ বিশ্বাস এতে ক্ষিপ্ত হয়ে ছেলের কান মুখ জুড়ে চড় মারে। পরে কান ধরে নির্যাতন করে।”

শিশুটির মায়ের অভিযোগ, তার ছেলের মুখে রক্ত জমে ফুলে গেছে এবং কানে ব্যথা হচ্ছে, শুনছেও কম ।

ছেলেকে সঙ্গে নিয়ে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারকে ঘটনাটি অবহিত জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ করার পরামর্শ দেন বলেও জানান তিনি।

চড় মারার কথা স্বীকার করে সত্যজিৎ বিশ্বাস বলেন, “মুরছালিন এক সহপাঠীর সঙ্গে ক্লাসে মারামারি করছিল। মারামারি ঠেকাতে মুরছালিনকে চড় মেরেছি।”

বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানাতে গিয়ে এই শিক্ষক বলেন, “স্থানীয় ভিলেজ পলিটিক্সের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে।

“আশা করছি আমাদের গ্রুপের চাপের কাছে নতি স্বীকার করে মুরছালিনের মা অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হবেন।”