নূর হোসেনের বাড়িতে পুলিশের অভিযান
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজার বাড়িতে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার বিকালের এ অভিযানে কেউই আটক হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ জানান, বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের নূর হোসেনের বাড়ি ও তার ভাতিজা শাহজালাল বাদলের নয়াআটি রসুলবাগের বাড়িতে এ অভিযান চালানো হয়।
শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর।
তবে তার সহযোগী বা কোন অপরাধীকে পাওয়া যায়নি বলে জানান ওসি।
গত বৃহস্পতিবার যশোরের বেনাপোল স্থল বন্দরে নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সাত খুনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম,আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এক পর্যায়ে নিরুদ্দেশ হন সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের এই নেতা। এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
