নারায়ণগঞ্জের ৩ কাউন্সিলর বরখাস্ত
নাশকতার মামলার অভিযোগপত্রে নাম আসায় স্থানীয় বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুল রউফ মিয়া রোববার তাদের বরখাস্তের এই আদেশ জারি করেন।
এই তিনজন হলেন ২১ নম্বর ওয়ার্ডের হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সুলতান আহম্মেদ ভূঁইয়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনায়েত হোসেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুর মামলায় এই তিন কাউন্সিলরসহ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২২ জানুয়ারি। এরপর ২৮ জানুয়ারি আদালত তা আমলে নেয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিন কাউন্সিলর বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাদের বরখাস্ত করা হয়েছে।
