‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার সদরে ‘আধিপত্য বিস্তারের’ চেষ্টায় ‘দুই দল সন্ত্রাসীর’ মধ্যে গোলাগুলিতে হত্যা-ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, সোমবার ভোর রাতে কক্সবাজার সদরের ভোমরিয়া ঘোনা ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (২৮) কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার গোলাম বাসুর ছেলে।
গত ২৩ অক্টোবর সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছিলেন রশিদ। এছাড়া কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এসআই মিনহাজ বলেন, ভোর রাতে স্থানীয়দের মাধ্যমে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
“পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ভাষ্য, সন্ত্রাসী রশিদ বাহিনী ও ভেটকাইয়া বাহিনীর মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।”
পরে ঘটনাস্থল থেকে রশিদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে এসআই মিনহাজ জানান।
