কুষ্টিয়ায় নবজাতক উদ্ধার
কুষ্টিয়া শহরতলীর বটতৈল মোড় থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা, যার বয়স একদিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল মোড়ে পরিত্যক্ত একটি স্থানে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, একদিন বয়সী শিশুটির যে পরিচর্যার দরকার ছিল সেটা হয়নি এবং তার ঠাণ্ডাজনিত কিছু জটিলতা রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব দেবনাথ বলেন, সকালে বটতৈল মোড়ের এক হোটেল কর্মচারী আনোয়ারা বেগম মহাসড়কের পাশে একটি গ্যারেজের পেছনে শিশুটির কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাচ্চাটির কোন বৈধ দাবিদার পাওয়া যায়নি বলে জানান তিনি।
