টঙ্গীতে ক্রেতা সেজে অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার ১
গাজীপুরের টঙ্গীতে গুলিভর্তি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ফারুক মিয়া (২৫) স্থানীয় মো. নান্নু মিয়ার ছেলে।
টঙ্গী থানার এসআই মো. শাহিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ক্রেতা সেজে শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আউচপাড়া এলাকায় যায়।
“পরে সাড়ে তিন লাখ টাকা দাম ঠিক করে হাত বদলের সময় এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন এবং আমেরিকায় তৈরি একটি পিস্তলসহ ফারুককে আটক করা হয়।”
এসআই শাহিন জানান, ফারুক থানার তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সুমনের সহযোগী। শনিবার রাতে তিনটি পিস্তল ও গুলি বিক্রি করার কথা ছিল তার।
ফারুকের বিরুদ্ধে রাতেই টঙ্গী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
