২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গণপিটুনিতে ৪ ‘ডাকাত’ নিহত

ফরিদপুর সদরে ডাকাতির অভিযোগে চারজনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:25 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

শনিবার ভোররাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীরাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আহমেদ জানিয়েছেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৩টার দিকে ৮/১০ জন ডাকাত গ্রামের একটি বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে।

“ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় লোকজন চিৎকার করলে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে চার ডাকাত নিহত হয়।”

ডাকাতদের হামলায় আহত মতিন শেখ ও নিজাম শেখসহ সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।