আহসান উল্লাহ মাস্টার বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
আহসান উল্লাহ মাস্টার আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজ দল।
‘ইউথ ক্লাব’ আয়োজিত তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বোর্ডবাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রানার আপ হয়েছে গাছা বঙ্গবন্ধু কলেজ দল।
এছাড়া সেরা বিতার্কিকের পুরস্কার লাভ করেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সুমাইয়া আক্তার।
‘সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় জেলার আটটি কলেজের দল অংশ নেয়। গত ৯ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়।
চুড়ান্ত পর্বে প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কারের ২৫ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
