বিস্ফোরক মামলায় রাসিক প্যানেল মেয়র জেলে
একটি বিস্ফোরক মামলায় রাজশাহী সিটি করপোরেশনের তিন নম্বর প্যানেল মেয়র নুরুন নাহার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন এ আদেশ দেন।
এছাড়া নুরুন নাহার সিটি করপোরেশনের সংরক্ষিত (৯ নম্বর) আসনের কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সহ-সভাপতি ।
আসামির আইনজীবী রইসুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি রাজশাহী মহিলা কলেজের পাশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় দায়ের মামলায় পুলিশ গত মে মাসে নুরুন নাহারসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
ওই মামলায় নুরুন নাহার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নাচক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
