‘আগামী সপ্তাহে পৌর নির্বাচনের তফসিল’
দেশব্যাপী পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
বৃহস্পতিবার চাঁদপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, “আগে স্থানীয় সরকারের নিবার্চনগুলো নির্দলীয় ভিত্তিতে হয়েছে। আর এখন অর্ডিনেন্স করে দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়েছে।
“সে প্রেক্ষিতে আমরা আচরণ এবং নির্বাচন পরিচালনা বিধি পরিবর্তন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি, আজকের মধ্যেই তা চলে আসবে। এলেই আমরা সামনের সপ্তাহে একটি মিটিংয়ে বসে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিব।”
তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন করার। কেননা পৌরসভাগুলোর ৫ বছরপূর্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধি রয়েছে। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”
“আশা করছি আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারব।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
