শিশু অপহরণের দায়ে সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে শিশু অপহরণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বলে জানান আদালতের বিশেষ পিপি আব্দুল হামিদ লাভলু।
দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার মৃত গোলাম বারীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানার করা হয়েছে। এছাড়া অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে খালেককে আরও ১০ বছরের কারাদণ্ড এবং ১০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী লাভলু।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার মেয়ে শিশুটিকে আব্দুল খালেক তাকে অপহরণ করে। দুদিন পর খালেকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার হয়।
এ ঘটনায় ৮ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে খালেক ও তার স্ত্রী হাজেরা খাতুনের নামে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ খালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
