চোখ উপড়ে শিশুকে হত্যা
নিখোঁজের একদিন পর দিনাজপুরে চার বছরের এক শিশুর দুই চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট উপজেলার বড় কবরস্থান এলাকার পাশের একটি আম বাগান থেকে পরশ সাহার লাশ উদ্ধার করা হয়। পরশ উপজেলার কাদিমনগর গ্রামের কেশব সাহার ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান বলেন, কে বা কারা পরশকে হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনের বাড়িতে আগুন দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়।
তাদের পরিচয় জানা যায়নি।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকালে পরশ নিখোঁজ হয়।ওইদিন রাতেই পরশের বাবা থানায় জিডি করেন। সকালে এলাকাবাসী আম বাগানে পরশের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
