২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে ‘চুরির’ চেষ্টা, বৃদ্ধকে কুপিয়ে হত্যা 

মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর বাড়িতে বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা, যারা চুরি করতে ঢুকেছিল বলে জানায় পুলিশ।  

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:45 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

তবে বাড়ির লোকজনের দাবি, দুর্বৃত্তরা ডাকাতি করতে ঘরে ঢুকেছিল।

বুধবার গভীর রাতে উৎরাইল ইউনিয়নের নয়াবাজারে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  

নিহত মোসলেম মুন্সী (৬০) সৌদি আরব প্রবাসী নান্নু মুন্সীর বাবা।

শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, নান্নু মুন্সীর বাড়িতে গভীর রাতে একদল দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে ঢোকে।

“বিষয়টি টের পেয়ে নান্নুর বাবা মোসলেম মুন্সী (৬০) বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।”

ওই সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মোসলেম মুন্সীর ছেলে সোহেল মুন্সীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানান ওসি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আহত সোহেল মুন্সী বলেন, “আমাদের ঘরে ডাকাতি করার জন্যই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল। ডাকাতিতে বাধা দিলে আমার আব্বাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারা।”

এ ব্যাপারে ওসি বলেন, “এটি ডাকাতির ঘটনা নয়, আসলে চুরি করার উদ্দেশ্যে ঘরে চোর ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে।”