২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাই নেতাকে গুলি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতাকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন হেফাজতে পেয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

বুধবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ কবীরের আদালত তাদের ১০ দিনের রিমান্ড আবেদনে তিনদিন মঞ্জুর করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান।

এরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণি কর্মচারি সমিতির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নয়ন (৩২), সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের ছেলে সজল (২৫) ও সাবেক সম্পাদকের ভাই আবু রায়হান (৩৫)।

রোববার সকালে নগরীর আরকে রোডে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস) রুহুল আমিনকে গুলি করে।

ঘটনার দিন বিকালে আবু রায়হান ও নয়ন এবং পরের দিন সজলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই মকবুল।

এ ঘটনায় রুহুলের স্ত্রী সাইফুন নাহার বাদি হয়ে হত্যার চেষ্টা মামলা করলেও তাতে কাউকে আসামি করা হয়নি।

রুহুল আমিন রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধিন রয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার বুকে বিদ্ধ গুলিটি বের করা হয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী।