২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পোস্টকামুরী চড়পাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুরের লেগুনা চালক দিলীপ (৪৮), উপজেলার শুভুল্যা গ্রামের মিজানুর রহমানের ছেলে সজল (২২), চড়পাড়া গ্রামের শিমুল (২২) ও সরিষাদাইড় গ্রামের পরেশ সরকারের ছেলে হারাধন সরকার (৩২)।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি হুমায়ুন জানান, বেলা দেড়টার দিকে একটি লেগুনা বিএস এন্টারপ্রাইজ নামে একটি ডিস্টিবিউটর কোম্পানির বিভিন্ন পণ্য উপজেলার জামুর্কি, পাকুল্যা বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে মির্জাপুর সদরে ফিরছিল।

পথে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ তিনজন মারা যান।

আহতদের হাসপাতালে নেওয়ার পর দিলীপ নামের আরও এক জন মারা যান।

মহাসড়ক পুলিশ কর্মকর্তা হুমায়ুন আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে অন্তত চার কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরে মির্জাপুর থানার ওসি মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন মহাসড়কের ওপর থেকে বাস ও লেগুনা সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়।

উদ্ধার বাস ও লেগুনা পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মির্জাপুর থানার ওসি মাইন উদ্দিন জানান।