রংপুরে বিএনপি-জামায়াতকর্মীসহ গ্রেপ্তার ১০১
রংপুরের আট উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৮ জনসহ ১০১ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানান পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে বিএনপির ১০ ও জামায়াতের ১৮ কর্মী রয়েছেন। তারা চলতি বছরের ৫ জানুয়ারি পরবর্তী বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে নাশকতা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
“এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার আসামি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধে অপর ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।
নভেম্বরের প্রথম দিন থেকেই বিশেষ অভিযান শুরু হয় রংপুরে। এ নিয়ে গত এগারো দিনে বিএনপি-জামায়াতের ১৮৯ কর্মীসহ বিভিন্ন অপরাধে ৮১৫ জনকে গ্রেপ্তার করা হলো।
অভিযান অব্যাহত থাকবে বলেও এসপি জানিয়েছেন।
