নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
পুলিশের উপর হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ জানান, মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।
মনিরুল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মনিরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হল।”
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ২০১৩ সালে ২৪ অক্টোবর পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মনিরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সম্প্রতি ওই মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এছাড়া চলতি বছরের ১০ জানুয়ারি গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা হওয়ার পর থেকে তিনি উপজেলা পরিষদে অনুপস্থিত রয়েছেন বলে জানান ওসি।
