২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যার পর গাড়ি ছিনতাই

নওগাঁর রানীনগর উপজেলায় এক মাইক্রোবাস চালকের হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 04:45 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

নিহত রহিদুল ইসলাম (৩৩) নওগাঁ সদর উপজেলার উপ-শেরপুর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

তিনি এলাকায় ভাড়ায় মাইক্রোবাস চালাতেন।
সোমবার রাতে উপজেলার বড়গাছা হাট সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান।

তবে তার গাড়িটি পাওয়া যায়নি।

গাড়ির মালিক নওগাঁ শহরের কালিতলার চন্দন কুমার সাহা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী আনার জন্য রহিদুল গাড়ি নিয়ে বের হন।

“একদিন নিখোঁজ থাকার পর সোমবার রাত সাড়ে ১০ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।”

ওসি আব্দুল লতিফ বলেন, ধারণা করা হচ্ছে রহিদুলকে হত্যার পর দুর্বৃত্তরা তার গাড়িটি ছিনতাই করেছে।

লাশ ময়নাতদন্ত করার জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী রিতা বেগম বাদী হয়ে মঙ্গলবার হত্যা মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে।