২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই

তদারকি না হওয়ার সুযোগে শরীয়তপুরে মাংস ব্যবসায়ীরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গবাদি পশু জবাই করছে প্রতিদিন।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:05 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্রাম থেকে অসুস্থ গরু সংগ্রহ করে তা জবাই করে মাংস বিক্রি করা হয়।

সদর উপজেলার গঙ্গানগর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাতেন শেখ জানান, জেলার সকল হাট-বাজারগুলোতেই মাংসের দোকান রয়েছে। অথচ এ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের সঠিক পরিসংখ্যান কেউ জানে না।

“গবাদিপশু জবাই করার আগে প্রাণিসম্পদ বিভাগ পশুর স্বাস্থ্য পরীক্ষার করে অনুমতি দেওয়ার পর পশু জবাই করার কথা রয়েছে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ব্যবসায়ীরা যত্রতত্র গরু-ছাগল জবাই করে বাজারে বিক্রি করছেন।”

সদরের আঙ্গারিয়া বাজারের মাংস ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, “গরু জবাই করার আগে সরকারি লোক এসে স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে, কিন্তু আমাদের কাছে কেউ আসে না। তাই আমরা নিজেদের মতো করে গরু জবাই ও বিক্রি করি।”

গঙ্গানগর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মোস্তফা কাজী বলেন, দীর্ঘদিন থেকেই কসাই কালাম ঢালী গ্রাম থেকে অসুস্থ গরু কিনে এনে বাজারে মাংস বিক্রি করছেন।

“সম্প্রতি তড়কা রোগ আক্রান্ত একটি গরু জবাই করে সেই মাংস বিক্রির চেষ্টা করেন কালাম। অবশ্য আমরা (বাজার কমিটি) তার মাংসের দোকান বন্ধ করে দিই।”

তবে, কালাম ঢালী এ অভিযোগ অস্বীকার করেছেন।

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ফাঁড়ির ইনচার্জ এস আই মহিদুল ইসলাম বলেন, গঙ্গানগর বাজারের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন তা জানা নেই বলে জানান তিনি।

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন চাকলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মাংস বিক্রেতারা নির্ধারিত জবাই খানায় নিয়ে পশু জবাই করে না। তাছাড়া জবাইখানার সংখ্যাও অপ্রতুল।

এ কারণে নিয়ম থাকলেও আমাদের লোকবলের অভাবে পশু জবাইয়ের আগে নিয়মিত পশুর স্বাস্থ্য পরীক্ষা সম্ভব হয় না বলে জানান তিনি।