পাবনায় স্ত্রী-ছেলেকে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে পাবনা সদরে স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, সোমবার সকালে দোগাছি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ওই এলাকার সেলুন কর্মচারী জালাল উদ্দিনের স্ত্রী পলি খাতুন (২২) এবং তাদের আট মাস বয়সী ছেলে জোবায়েল।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পলি ও জোবায়েলের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“লাশ দুটি ঘরের বিছানার উপর ছিল। জোবায়েলের গলায় গামছা পেঁচানো ছিল। তবে পলির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া পাওয়া যায়নি।
“তবে, পলির ঘর থেকে রড ও লাঠিসোটা পাওয়া গেছে।”
ঘটনার পর থেকে জালাল ও তার বাবা পলাতক রয়েছেন বলে জানান ওসি।
নিহত পলি খাতুনের ভাই জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনবছর আগে জালালের সঙ্গে পলির বিয়ে হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে জালাল ও তার পরিবারের লোকজন নানাভাবে তাকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল।
সবশেষ গত সপ্তাহে পলিকে নির্যাতন করা হলে তিনি বাবার বাড়ি চলে আসেন। পরে পরিবারের লোকজন বুঝিয়ে আবার তাকে শ্বশুড়বাড়ি ফেরত পাঠায় বলে জানান জনি।
জনি বলেন, “সকালে জালালের বাসা থেকে আমাদের খবর দেওয়া হয় যে, তোমার বোন ছেলেকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে। পরে এখানে এসে আমার বোনের মৃতদেহ বিছানার উপর দেখতে পাই।
“আমি নিশ্চিত আমার বোন আত্মহত্যা করে নাই, তাকে ও আমার ভাগ্নেকে হত্যা করা হয়েছে।”
দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি আত্মহত্যা নয় বলে মনে হচ্ছে।
