সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার মামলায় সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে ও সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তৈয়ব আলী, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইনসাব আলী, বিএনপি কর্মী শাহজাহান আলী, যুবদলকর্মী হযরত আলী ও জামায়াতকর্মী হাবিবুর রহমান।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সোমবার দুপুরে শহরের বানিয়াপট্টি এলাকা থেকে রাজেশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, জামায়াত নেতা তৈয়ব আলীর বিরুদ্ধে কয়েকটি মামলায় পরোয়ানা রয়েছে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার রাতে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
