মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা
মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালিরবাজার বাধাবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ।
নিহত মিতু আক্তারের (২০) উপজেলার ভুটেরবাড়ি গ্রামের ছালাম জমাদ্দারের মেয়ে।
তার স্বামী কালিরবাজার বাধাবাড়ির তৈয়ব আলী হাওলাদার ছেলে সৌরভ হাওলাদার আল-আমিন ইতালি প্রবাসী।
এই ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান ওসি।
মিতুর বাবা ছালাম জমাদ্দার বলেন, “বিয়ের পরে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আমাদের কাছ থেকে চার লাখ টাকা যৌতুক নেয় আল আমিনের পরিবার। সম্প্রতি আল আমিন দেশে ফিলে এলে তারা আরও ছয় লাখ টাকা যৌতুক দাবি করে।
“কিন্তু টাকা দিতে না পারায় শুক্রবার রাতে তারা মিতুকে শারীরিক নির্যাতন করে হত্যা করে। খবর পেয়ে পুলিশের মাধ্যমে মেয়ের লাশ উদ্ধার করি।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
