২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতীতে নৌকাবাইচ

মাগুরার মধুমতী নদীতে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 02:57 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

কার্তিকের বিকেলে বুধবার মহম্মদপুর উপজেলা সদরসহ নদীর দুই তীরের তিন কিলোমিটার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বসে গ্রামীণ মেলা।

বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শনার্থী সোৎসাহ করতালিতে অভিনন্দিত করেন প্রতিযোগী নৌকার মাঝি-মল্লারদের।

মেলায় মিষ্টি-মণ্ডা, চুড়ি-ফিতা, খেলনাসহ নিত্যব্যবহার্য সামগ্রীর পসরা বসান দোকানিরা। বিনোদনের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন আয়োজন।

দুটি গ্রুপে নৌকাবাইচ হয়। অংশ নেয় ১৬টি নৌকা।

এ গ্রুপ থেকে মাগুরার শালিখা উপজেলার কাপাশহাটির আজিজ মোল্লার নৌকা প্রথম ও ঢুসরাইলের আতর মোল্লার নৌকা দ্বিতীয় এবং নড়াইল জেলার সোহরাব হোসেনের নৌকা তৃতীয় হয়।

বি গ্রুপে থেকে নড়াইলের কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা প্রথম, ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা দ্বিতীয় ও মাগুরা সদর উপজেলার বাহরবাগ এলাকার হালিম মোল্লার নৌকা তৃতীয় হয়।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ী ৬টি নৌকার মালিককে ছোট, বড় ও মাঝারি আকারের টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে পুরস্কার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন জানান, প্রাণআপের সৌজন্যে এই নৌকাবাইচ ও মেলা আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।