ভোলায় মার্কেটে অগ্নিকাণ্ড
ভোলায় লালমোহন উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলা সদরের হাইস্কুল মার্কেটে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল লতিফ জানান, মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। পরে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লালমোহন,বোরহানউদ্দিন ও চরফ্যাশন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি ইলেক্ট্রনিক্স, একটি মুদি ও একটি ফার্নিচারের দোকানের মালামালসহ ছয়টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক কামাল হোসেন বলেন, “আগুনে ছয়টি দোকান পুড়ে কমপক্ষে ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
