২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাজক হত্যাচেষ্টা: আরেক ‘জেএমবির’ স্বীকারোক্তি

পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান ধর্মযাজক লুক সরকারকে হত্যাচেষ্টা মামলায় কথিত জেএমবি নেতা রাকিবুল ইসলাম রাকিব রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার বিকালে পাবনা আমলী আদালত-২ এর বিচারক রেজাউল করিম ১৬৪ ধারায় এই জবানবন্দি গ্রহণ করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান।

Image
গত ৫ অক্টোবর হামলার পর লুক সরকারের বাড়িতে পুলিশ, ফাইল ছবি

গত ৫ অক্টোবর হামলার পর লুক সরকারের বাড়িতে পুলিশ, ফাইল ছবি

ঈশ্বরদীর ‘ফেইথ বাইবেল চার্চ’-এর যাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টার মামলায় গত ২৮ অক্টোবর পাবনার টেবুনিয়া থেকে মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসান ওরফে রাকিবকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এর আগে কথিত জেএমবি নেতা রাকিব হোসেন রাব্বি (২৮) আদালতে স্বীকারোক্তি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এরপর ২৯ অক্টোবর পাবনা আমলী আদালত-২ এ তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস। শুনানি শেষে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক বেজাউল করিম।

“রিমান্ড শেষে দুপুরে ওই একই আদালতে হাজির করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এ মামলায় জেএমবির কথিত আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৫), আব্দুল আলিম (৩৬), শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২), রাকিব হোসেন রাব্বি (২৮) ও আমজাদ হোসেন (৩০)।

গত ৫ অক্টোবর লুক সরকারের ভাড়া বাসায় গিয়ে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই রাতেই ঈশ্বরদী থানায় একটি মামলা করেন তিনি।

পুরনো খবর:

যাজক হত্যাচেষ্টা: গ্রেপ্তার ‘জেএমবি নেতা’ ৫ দিনের রিমান্ডে