যাজক হত্যাচেষ্টা: গ্রেপ্তার ‘জেএমবি নেতা’ ৫ দিনের রিমান্ডে
পাবনায় খ্রিস্টান যাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ‘জেএমবির আঞ্চলিক কমান্ডার’ রাকিবুল হাসান ওরফে তাওহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে পাবনার আমলী আদালত-২ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
বুধবার দুপুরে রাকিবুল হাসান ওরফে তাওহিদকে (২২) পাবনা সদরের মজিদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে পরিবারের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, লুক সরকার হত্যা চেষ্টার হোতা জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে পুলিশ।
“শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
রাকিবুল হাসানকে এ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী বলছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা থেকে নিজেকে বাঁচাতে লুক সরকার এক ঘাতকের আঙুলে কামড় দিয়েছিলেন। পুলিশ রাকিবের আঙুলে কামড়ের ক্ষত চিহ্ন শনাক্ত করেছে।
গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন। তিন যুবক ধর্মের বাণী শোনার নাম করে বাসায় এসে মুখ চেপে ধরে এই পাদ্রির গলায় ছুরি চালানোর চেষ্টা করে।
এ ঘটনায় লুক সরকার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। পরদিন ওবায়দুর রহমান (২২) নামে এক ‘শিবির কর্মী’ এবং ১২ অক্টোবর ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে আবদুর রাকিব রাব্বি নামে একজন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এছাড়া জিয়াউর রহমান (৩৫), শরিফুল ইসলাম তুলিব (২২), মো. আলীম (৩৬) ও মোহাম্মদ আমজাদ হোসেন (৩০) নামে চার জেএমবি সদস্যকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া আবদুর রাকিব রাব্বি জেএমবির পাবনা অঞ্চলের ‘সহকারী আঞ্চলিক কমান্ডার’।
তার জবানবন্দি এবং বাকি চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ‘আঞ্চলিক কমান্ডার’ রাকিবুল হাসান ওরফে তাওহিদকে গ্রেপ্তার করা হয়েছে, বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে, ওবায়দুর রহমান (২২) নামে গ্রেপ্তার ‘শিবির কর্মী’ জেল হাজতে রয়েছে বলে ওসি বিমান কুমার দাশ জানান।
