সাতক্ষীরা মেডিকেল কলেজে ধর্মঘট অব্যাহত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চতুর্থ দিনে গড়িয়েছে।
মঙ্গলবার সরজমিনে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কলেজের সব স্থাপনায় তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে ৪র্থ বর্ষের ছাত্র আহসান হাবিব ও ৫ম বর্ষের ছাত্রী অরিন আক্তারসহ কয়েকজন তাদের বক্তব্যে বলেন, পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট অব্যাহত রাখবেন।
তারা বলেন, এই কলেজের ২০৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছে কেবল ৩০ শয্যার একটি মেডিসিন ওয়ার্ড। তাও চলছে নামমাত্র লোকবল নিয়ে।
সমাবেশে আরও বক্তব্য দেন আলমগীর হোসেন, সাইফুর রহমান, গিয়াস হোসেন প্রমুখ।
পূর্ণাঙ্গ হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজে পড়াশোনার কোনো অর্থ নেই বলে তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, বিষয়টি নিয়ে তিনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন।
স্বাস্থ্য সচিব অল্প সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।
