ট্রানজিট: কলকাতার ট্রাকের ত্রিপুরা প্রবেশ
চার দেশীয় যান চলাচল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় গেছে পণ্যবোঝাই ট্রাক।
ভারতের কোলকাতা থেকে ভোডাফোন টেলিকমিউনিকেশনের সরঞ্জামাদি নিয়ে একটি ট্রাক ও কলকাতার ট্রান্সপোর্ট এজেন্সি ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানির চার সদস্যের প্রতিনিধি দল বহনকারী একটি মাইক্রোবাস মঙ্গলবার বেলা দেড়টার দিকে ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।
এ সময় বন্দরে দুদেশের কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলকাতা থেকে আসা ট্রাকটি গত রোববার সীমান্ত পার হয়ে আগরতলার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে সম্পাদিত মোটর ভেহিক্যাল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে এ মালামাল পরিবহন শুরু হয়েছে।
ট্রানজিট সুবিধার আওতায় ভারত-বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহনের এটি প্রথম চালান বলেও জানান তিনি।
এর আগে দুপুর ১২টায় পুলিশ পাহারায় পণ্যবোঝাই ট্রাক ও ভারতীয় প্রতিনিধি দলের মাইক্রোবাসটি কোলকাতা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছয়।
পরে কাস্টমসের প্রয়োজনীয় কাজ শেষে বেলা দেড়টার দিকে ট্রাক ও মাইক্রোবাসটি আগরতলা প্রবেশ করে।
ট্রাকটি আগরতলা হয়ে সরাসরি গৌহাটি যাবে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।
