নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রত্না রানী শীল (২২) চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকার হোমিও চিকিৎসক কৃষ্ণ চন্দ্র শীলের স্ত্রী।
বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার সকালে রানীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রানীর পরিবারের দাবি যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের পরিবারে বরাত দিয়ে ওসি জানান, দুই বছর আগে কুমিল্লার মনহরগঞ্জ উপজেলার অমুল্ল শীলের মেয়ে রত্নার সঙ্গে কৃষ্ণ চন্দ্র শীলের বিয়ের হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে রানীর ওপর শারীরিক নির্যাতন করত কৃষ্ণ।
ঘটনার পর থেকে রানীর স্বামী কৃষ্ণ চন্দ্র শীল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
