ফেনীতে জেলেপাড়ায় হামলা: ১ জনের স্বীকারোক্তি
ফেনীতে জেলেপাড়ায় হামলা ও মৃত সন্তান প্রসবের ঘটনায় সোমবার এক আসামি স্বাকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
এছাড়া গ্রেপ্তার আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
হামালাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন অব্যাহত রয়েছে।
লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটানো নিয়ে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের জেলেপাড়ায় হামলা চালায় স্থানীয় কিছু মুসলমান যুবক। জেলেপাড়ার বাসিন্দাদের অভিযোগ, হামলায় ‘আহত হওয়ার পর’ তুলসির প্রচুর রক্তক্ষরণ হয় এবং পরে মৃত সন্তান হয়।
এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে ৬ জন হলেন মামলার এজাহারভুক্ত আসামি।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, রোববার দুজন এবং সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়, যারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল আট জনকে, যাদের মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন একজন।
তিনি জানান, রোববার বিকালে আসামির স্বজনরা জনি (১৫), জুয়েল (১৫) ও জাভেদকে (১৬) পুলিশের হাতে তুলে দেয়। এর আগে রোববার রাতে ফেনীর দাগনভূঞার জায়লস্কর থেকে ইমনকে (১৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে রাজুকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, আগে গ্রেপ্তার আট জন এবং রোববার গ্রেপ্তার দুই জনকে সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দেলোয়ার হোসেনের আদালতে তোলা হয়।
“ওই আদালতে রাজু হামলায় নিজের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই গৌতম চন্দ্র জানান, আদালতে হাজির করে আগে গ্রেপ্তার ৮ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালতে প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
এরা হলেন আলমগীর হোসেন বাবু, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সাদ্দাম হাসেন, আমির হোসেন, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম সুমন এবং এজাহারভুক্ত আসামি কাজী নুর হোসেন।
এদিকে প্রসূতি তুলসি রানী দাসের শারীরিক অবস্থা ও মামলার অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নিতে সোমবার সকালে ফেনী সদর হাসপাতালে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
হামলকারীদের শাস্তির দাবি অব্যাহত
জেলেপাড়ায় হামলকারীদের শাস্তির দাবিতে মানবববন্ধ করেছে বিভিন্ন সংগঠন।
সোমবার বিকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা মানববন্ধন করে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে।
পরিষদের ফেনী জেলা সভাপতি প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, ফেনীর পৌর মেয়র আলাউদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক প্রমুখ।
গত বুধবার (২৮ অক্টোবর) রাতে মাথিয়ারা জেলেপাড়ার হিন্দু বাড়িতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলমানরা হামলা ও বাড়িঘরে ভাংচুর চালায়।
এ ঘটনায় ওই বাড়ির জহর লাল দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে করে অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে পুলিশ মামলার এজহারভুক্ত আসামি আলমগীর হোসেন বাবু (১৮) এবং সন্দেহখাজন হিসেবে জাহাঙ্গীর আলম (২০), জাকির হোসেন (২০), কাজী নুর হোসেন (২০), সাদ্দাম হাসেন (১৮), আমির হোসেন (৩৮), রিয়াজ উদ্দিন ও জাহাঙ্গীর আলম সুমনকে গ্রেপ্তার করে।
