২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকর্মীদের হয়রানির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

যশোর সদর ফাঁড়ি পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন যৌনকর্মীরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

সোমবার যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা টিএসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ কে এম আরিফুল হক জানান,

রফিকুল ইসলাম যশোর সদর ফাঁড়ির ইনচার্জ থাকাকালে বদলি হন ঝিনাইদহে।

তবে, সোমবার তিনি আবার যশোরের ওই ফাঁড়িতে বদলি হয়ে ফিরে আসেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিক তাদের কাছে চরম উৎপীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

তিনি নানা অজুহাতে যৌনকর্মীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। যারা টাকা দেয় না তাদের নানাভাবে নির্যাতন করা হয়। মামলা দিয়ে হয়রারি হুমকি নে।

সম্প্রতি মাড়োয়ারি মন্দির সংলগ্ন এই পতিতাপল্লীর কেয়ারটেকারের বিরুদ্ধে একটি মামলার বিষয়ে তদন্তকালে এসআই রফিক তাদের কাছে তিন লাখ টাকা দাবি করেছেন বলে তারা অভিযোগ করেন।

তারা এসব ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে যশোর মাড়োয়ারি মন্দির সংলগ্ন পতিতাপল্লীর যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাছ আলী জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।

তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে এসআই রফিক বলেন, সম্প্রতি বাগেরহাটের মংলা থানার একটি পাচার মামলায় যশোর মড়োয়ারি মন্দির পতিতালয়ের কেয়ারটেকার আবুল কাশেম আটক হয়েছে।

“তার বিরুদ্ধে জানতে যশোর কোতয়ালি থানায় একটি চিঠি আসে মংলা থানা থেকে।”

ওই চিঠির প্রেক্ষিতে বিষয়টি তদন্তের দায়িত্ব পান তিনি। এ কারণে যৌনকর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি করেন এসআই রফিক।