ফেনীতে মৃত সন্তান প্রসব: মায়ের জন্য মেডিকেল বোর্ড
ফেনীতে জেলেপাড়ায় হামলার পর মৃত সন্তান প্রসবকারী তুলসি রানী দাসের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, ওই ঘটনায় গ্রেপ্তার আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের (রিমান্ড) আবেদনের শুনানি হবে সোমবার।
এছাড়া দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে।
লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটানো নিয়ে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের জেলেপাড়ায় হামলা চালায় স্থানীয় কিছু মুসলমান যুবক। জেলেপাড়ার বাসিন্দাদের অভিযোগ, হামলায় ‘আহত হওয়ার পর’ তুলসির প্রচুর রক্তক্ষরণ হয় এবং পরে মৃত সন্তান হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, প্রসুতি তুলসি রানীর সু-চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তিন সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
“রোববার দুপুরে ফেনী সদর হাসাপতালে তার ডিএমসি করা হয়েছে। তাকে রোববারও এক ব্যাগ রক্ত দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে রয়েছে।”
সংঘর্ষে অপর আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বলে জানান তিনি।
রোববার দুপুরে ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার সদর হাসপাতালে গিয়ে প্রসূতির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
ওই সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তুলসির চিকিৎসা নিয়ে কথা বলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই গৌতম চন্দ্র জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৮ জনের রিমান্ড আবেদনের শুনানি হবে সোমবার।
শুক্রবার গ্রেপ্তারদের ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মো. বদিউল আলমের আদালতে হাজির করা হয় এবং তিনি রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন বলে জানান তিনি।
শাস্তির দাবি
হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মানবববন্ধ করেছে বিভিন্ন সংগঠন।
বিকালে শ্রী জন্মষ্টমী উৎযাপন পরিষদের উদ্যোগে শহরের জিরো পয়েন্টের ট্রাংক রোড চত্বরে মানবববন্ধন করা হয়।
সংগঠনের আহবায়ক দিলীপ সাহা, সদস্য সচিব রশিদ শেখর ভৌমিকসহ নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক মাহমুদ তমাল।
মানববন্ধনে বক্তারা দেশের সকল প্রকার সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাপস পালসহ একাধিক ব্যক্তি সংখ্যালঘু পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা এবং পরবর্তীতে নিরাপত্তার আশ্বাস দেন।
গত বুধবার (২৮ অক্টোবর) রাতে মাথিয়ারা জেলেপাড়ার হিন্দু বাড়িতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলমানরা হামলা ও বাড়িঘরে ভাংচুর চালায়।
এ ঘটনায় ওই বাড়ির জহর লাল দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে করে অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে পুলিশ মামলার এজহারভুক্ত আসামি আলমগীর হোসেন বাবু (১৮) এবং সন্দেহখাজন হিসেবে জাহাঙ্গীর আলম (২০), জাকির হোসেন (২০), কাজী নুর হোসেন (২০), সাদ্দাম হাসেন (১৮), আমির হোসেন (৩৮), রিয়াজ উদ্দিন ও জাহাঙ্গীর আলম সুমনকে গ্রেপ্তার করে।
