২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সভাস্থলে ১৪৪ ধারা

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার বেলা ৩টায় মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভায় খায়রুজ্জামান লিটনের যোগ দেওয়ার কথা ছিল।

ইউএনও আলমগীর কবিরের জারি করা ১৪৪ ধারা এলাকায় মাইকিং করা হয়েছে।

ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, “ইউনিয়ন পরিষদের নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।

“অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

“অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনকে দাওয়াত না দেওয়ার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতা এই অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, “আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে প্রধান অতিথি করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

“কিন্তু স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ উপজেলা বা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতাকে জানানো হয়নি। এতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে।”

১৪৪ ধারা জারির পর সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি আবদুল হামিদ।