২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জনের যাবজ্জীবন

নীলফামারীতে এক মাদ্রাসা ছাত্রকে হত্যা মামলায় দুই শিক্ষকসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার বিকালে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জলঢাকা উপজেলার বসুনিয়াপাড়া এজাহারিয়া জামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শওকত আলী (৫৮), সহকারী শিক্ষক মফিজুল ইসলাম (৩৩) এবং ওই মাদ্রাসার ছাত্র মনিরুজ্জামান (২৭)। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ওই আদালতের পিপি জামিল আহমেদ জানান, শিক্ষকদের অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় ২০০৭ সালের ১ জুলাই রাতে মাদ্রাসার ছাত্র ওয়াচ কুরুনীকে (১৪) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পর দিন সন্ধ্যায় নিহতের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে তিন জনকে আসামি করে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন।