২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নথি না আসায় ব্লগার অনন্ত হত্যার শুনানি ফের পেছাল

আদালতে নথিপত্র না আসায় সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে এই মামলার শুনানির দিন নির্ধারিত ছিল।

ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই বিজয় চন্দ্র দাস জানান, দায়রা জজ আদালত থেকে থেকে মামলার নথি না আসায় বিচারক আনোয়ারুল হক আগামী ৪ নভেম্বর পরবতী শুনানির দিন ঠিক করেছেন।

এর আগে গত ৪ অক্টোবর একই কারণে মামলার শুনানি একবার পেছানো হয় বলে জানান তিনি।

অনন্ত হত্যা মামলায় গ্রেপ্তার সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও মোহাইমিন নোমান জামিন আবেদন করলে গত ২৮ সেপ্টেম্বর মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে খুন করা হয় মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।

এরপর গত ২৮ অগাস্ট সিলেটের কানাইঘাট উপজেলা থেকে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে মান্নান রাহী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এছাড়া ঢাকায় ব্লগার অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।