২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় সাইকেল আরোহী ভাই-বোন নিহত

রংপুর নগরীতে বাস চাপায় বাইসাইকেল আরোহী ভাই-বোন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের আরেক ভাই।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী।

নিহতরা হলেন- ওই এলাকার অটোরিকশা চালক মমিন উদ্দিনের মেয়ে  সুমাইয়া আক্তার (৬) ও ছেলে আব্দুস সালাম (৫)।

আহত আশরাফুল ইসলামকে (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ বলেন, আশরাফুলের মাথা থেঁতলে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আব্দুল কাদের বলেন, আশরাফুল ছোট ভাই সালাম ও বোন সুমাইয়াকে বাইসাইকেলে করে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিল। পথে দিনাজপুরগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়।

এতে সুমাইয়া ঘটনাস্থলেই এবং সালাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনার পরপরই বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে দর্শনা মোড়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বেলা সোয়া ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।