রামু সহিংসতা: অগ্নিসংযোগের মামলার সাক্ষ্যগ্রহণ
রামু সহিংসতায় বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও হামলার ঘটনায় রামু থানায় দায়ের করা অলোচিত একটি মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রামু থানার এসআই উজ্জ্বল কান্তি দাশের করা এ মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে রোববার সাক্ষ্য দেন আট জন।
এরা হলেন- সুভাষ বড়ুয়া, কমল বড়ুয়া, শামীম আহসান ভুলু, নরেশ বড়ুয়া, রজত বড়ুয়া, সুকুমার বড়ুয়া, শংকর বড়ুয়া ও সুভাষ চন্দ্র বড়ুয়া।
এদের মধ্যে সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন ৫৮ জন এবং অনুপস্থিত দুই জন তাদের আইনজীবীদের মাধ্যমে সময় চেয়েছেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুর বৌদ্ধবসতিতে রাতভর সাম্প্রদায়িক সহিংসতা চালায় দুর্বৃত্তরা।
রামু উপজেলায় ত্রিশ হাজারের মতো বৌদ্ধ ধর্মাবলম্বীর বসবাস। এখানে ছোট-বড় মিলিয়ে ২৪টি বৌদ্ধ বিহার রয়েছে, যার মধ্যে ১২টিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে।
পরদিন উখিয়া ও টেকনাফের ১৯ বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এঘটনায় রামু, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশের পক্ষে চার্জশিট দাখিল করা হয়েছে।
