২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরুর দাবি 

নতুন প্রতিষ্ঠিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু দাবিতে মাননবন্ধন করেছেন প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

রোববার জেলা প্রশাসন কার্যালয়ের সমানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগে ৭৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, অথচ দশ মাসেও পাঠদান শুরু হয়নি। ফলে সেশন জটে পড়তে হচ্ছে তাদের।

অবিলম্বে ক্লাস শুরু করতে নির্দেশ দেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুজ জামান বাপ্পি, মইন উদ্দীন, রিদওয়ান, সাম্য খান, জহিরুল ইসলাম প্রমুখ।

এদিকে, আগামী নভেম্বর থেকে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছেন  উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা।

তিনি বলেন, রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক মোস্তফা কামালের সময় বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরুর জন্য শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম তলা ব্যবহারের জন্য সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্ত এখনও বলবৎ রয়েছে।

“কোনো কারণে রাণী দয়াময়ী বিদ্যালয়ের পঞ্চম তলা পাওয়া না গেলে শহরের অন্য কোথাও ক্যাম্পাস ভাড়া নিয়ে হলেও পাঠদান শুরু করা হবে।”

পাঠদান কার্যক্রম শুরু করার জন্য ইতোমধ্যে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগের জন্য দুজন করে সহযোগী অধ্যাপক নিয়োগ করা হয়েছে এবং তারা গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন বলেও জানান উপাচার্য প্রদানেন্দু বিকাশ।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনায় বিভাগে ছাত্র ভর্তির জন্য চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। পরে ৪ মে ফলাফল প্রকাশ করে কম্পিউটার সায়েন্স বিভাগে ৩৪ জন এবং ব্যবস্থাপনা বিভাগে ৩৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।