২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কুপিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই হামলায় আহত হয়েছেন নিহতের মা, মামা ও দুই প্রতিবেশী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 12:59 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

উপজেলার কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী।

নিহত বিলকিছ বেগম (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চার ভৈরবপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ইসমাইল হোসেনের (৩২) স্ত্রী।

আহতরা হলেন বিলকিছের মা খালেদা বেগম, মামা নূরুল ইসলাম এবং দুই প্রতিবেশী কুদ্দুছ ও আছমা বেগম।

পরিদর্শক আব্দুল বারী জানান, খালেদা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। বাকি তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ইসমাইল হোসেন ও বিলকিছ বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার ইসমাইল শ্বশুরবাড়ি বেড়াতে আসে। তাদের এক মেয়ে রয়েছে।

“শনিবার রাত ১১টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে ইসমাইল হোসেন তার স্ত্রী বিলকিছকে দা দিয়ে কোপাতে শুরু করে।

“ওই সময় বিলবিছের মা, মামা ও দুই প্রতিবেশী বাঁচাতে এলে ইসমাইল তাদেরও কোপায়।”

পরিদর্শক বারী জানান, আহত পাঁচজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিলকিছ বেগম মারা যান।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক বারী।