দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
দিনাজপুরর বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত প্রমীলা রায় (৫০) চাকাই গ্রামের মনসু রাম রায়ের স্ত্রী।
প্রমীলার প্রতিবেশী আশুতোষ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় প্রমীলা রায় রান্নার জন্য ঘরে রাখা বস্তা থেকে চাল আনতে যান।
ওই সময় বস্তার পাশে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয় বলে জানান তিনি।
আশুতোষ জানান, পরিবারের লোকজন তাকে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে রাত সাড়ে ১২টায় প্রমীলার মৃত্যু হয় বলে জানান তিনি।
