গাজীপুরে গরুসহ ট্রাক ছিনতাই
গাজীপুরের মীরের বাজার এলাকায় ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরে ট্রাকটি পাওয়া গেলেও গরুগুলো পাওয়া যায়নি বলে জানান গরু ব্যবসায়ীরা।
জয়দেবপুর থানার এসআই মো. আবুল হাসেম জানান, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুই গরু ব্যবসায়ী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার শিকার নোয়াখালীর বেগমগঞ্জ থানার শিবপুর এলাকার দুই গরু ব্যবসায়ী মো. শহীদুল্লাহ ও নুরুল হকের বরাত দিয়ে এসআই হাসেম জানান, রাজশাহী থেকে ১৯টি গরু কিনে বুধবার রাত ৮টার দিকে ট্রাকে করে তারা নোয়াখালী রওনা দেন।
“ভোরে মীরের বাজার এলাকায় একটি পিকআপ এসে তাদের পথ আটকায়।
“এ সময় পিকআপে থাকা ১০/১২জন দুর্বৃত্ত দেশি অস্ত্রের মুখে ট্রাকচালক সামিরুল ইসলাম, তার সহকারী আব্দুর রহীম ও দুই ব্যবসায়ীসহ ৫/৬ জনের হাত পা বেঁধে ওই পিকআপে ওঠায়।”
ছিনতাইকারীরা ব্যবসায়ীদের ৩০ হাজার টাকা, পাঁচটি মোবাইল সেট ও ১৯টি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় বলে জানান হাসেম।
তিনি বলেন, পরে হাত-পা বাঁধা অবস্থায় তাদের স্থানীয় রাজেন্দ্রপুর জঙ্গলে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। এরপর তাদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে।
এসআই হাসেম আরও বলেন, সকালের দিকে কোনাবাড়ি এলাকায় খালি অবস্থায় ট্রাকটির সন্ধান পাওয়া গেলেও গরুগুলোর কোনো খোঁজ মেলেনি।
