শ্রীপুরে নছিমন-অটো সংঘর্ষে শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নছিমন ও অটোরিকশার সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হন অটোচালকসহ চার জন।
রোববার জৈনা বাজার-কাওরাইদ সড়কের আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর মডেল থানার এসআই কিবরিয়া জানান।
নিহত লিয়াকত আলী (২৭) ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) উপজেলার নিগুয়ারী গ্রামের দুলাল মিয়ার ছেলে।
তিনি মুলাইদ এলাকার নোমান গ্রুপের সাদসান গার্মেন্টস কারাখানার অপারেটর পদে কাজ করতেন।
আহত একজন হলেন হানিফ (৩০)। তার বাড়িও নিগুয়ারী গ্রামে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৭টার দিকে কাওরাইদগামী মাছ ভরতি একটি নছিমন ও জৈনা বাজারগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পোশাককর্মী লিয়াকত মারা যান বলে জানান তিনি।
তিনি জানান, আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বজনদের আবদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
