২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক স্থাপনা বিলীন পদ্মায়

পদ্মার ভাঙনে চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নে এক মাসে শতাধিক স্থাপনা বিলীন হয়ে গেছে।

রবিউল হাসান ডলার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:40 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ভাঙন এলাকা ‘পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জে আলাতুলি রক্ষা’ প্রকল্পের আওতাভুক্ত হলেও এখনও এখানে কাজ শুরু হয়নি বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে দেখা গেছে, হড়মা গ্রামের দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় ভেঙে সরিয়ে নেওয়া হয়।

দেবীনগর ইউনিয়নপরিষদের নারী সদস্য শাহনাজ পারভিন জানান, হড়মা গ্রামের তিনটি পাড়ার মধ্যে নামো হড়মা, দানেশ মন্ডলের টোলা ও সোলেমান মন্ডলের টোলার ৫০টি বাড়ি গত ১০ দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে।

দানেশ মন্ডলের টোলার জামে মসজিদও ভেঙে গেছে বলে জানান তিনি।

হড়মা গ্রামের নাজিরা বেগম (৫০) বলেন, “নদী তীরে বাড়ি হওয়ায় ভাঙনের ভয়ে ঘুম আসে না। জেগে বসে থাকি নদীর ধারে। আসবাবপত্র মানুষের বাড়িতে সরিয়ে রেখেছি।”

একই এলাকার আকবর আলী জানান, গত পাঁচ দিন থেকে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। বাড়ির একটি ঘরে ঘুমান পরিবারের কয়েকজন। কিন্তু ভয়ে রাতের বেলায় কয়েকবার জেগে উঠে নদীর তীর দেখে আসেন।

ইউপি সদস্য শাহনাজ পারভিন, দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, কলেজছাত্র মেহেদী হাসান জানান, দশ বছর আগে নদী ছিল প্রায় পাঁচ কিলোমিটার দূরে। এলাকার শত শত পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়েছে।

তারা জানান, জমিজমা-ভিটামাটি হারিয়ে সহায়-সম্বলহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

এছাড়া গত দুবছরের ভাঙনে পূর্ব ছয় রশিয়া প্রাথমিক বিদ্যালয়, হড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, একটি মাদ্রাসা ও ১১টি মসজিদ নদী ভাঙনের শিকার হয়েছে বলে জানান তারা।

হড়মা হাটও নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান তারা।

তাঁরা অভিযোগ করেন, ভাঙ্গন থেকে এলাকা রক্ষা প্রকল্পের কাজ ধীর গতিতে চলছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তাঁরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, ২৭৪ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৭ কিলোমিটার ‘পদ্মা নদীর ভাঙন হতে চাঁপাইনবাবগঞ্জে আলাতুলি এলাকা রক্ষা’ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১২-১৩ অর্থ বছরে।

“এর মধ্যে ৯০০ মিটারের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ৩৫৭০ মিটার দৈর্ঘ্যের ব্লক তৈরির কাজ চলছে।

“মরা পদ্মার মুখ থেকে ভাটিতে হড়মা গ্রাম পর্যন্ত ১৭৫০ মিটার কাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন হয়েছে।”

কিছুদিনের মধ্যে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হবে বলেও জানান তিনি।