২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ, জনভোগান্তি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানের মতো সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী বাইশমাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তা নাহলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এদিকে, ঘণ্টাখানেক অবরোধ থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

ওই সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

“পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে।”

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে উত্তরার আবদুল্লাহপুর, প্রগতি সরণীর মেরুল ও রামপুরা, কাকলীতে বিমানবন্দর সড়ক, মহাখালীতে গুলশানমুখী সড়ক এবং ধানমণ্ডির কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। 

গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী বিক্ষোভে ঢাকা অচল হয়ে পড়লে সরকারের পক্ষ থেকে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, ওই টাকা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষার্থীদের আশঙ্কা, ভবিষ্যতে ফি বাড়িয়ে ছাত্রদের পকেট থেকেই ওই টাকা আদায় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরকারের আশ্বাসে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন থেকে সরে গেলেও অপর একটি অংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে শনি থেকে সোমবার তিন দিনের ছাত্র ধর্মঘট চলছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে।