২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তা ‘অপহরণ’, টাকা আদায়

সাভারের আশুলিয়ার এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর দুর্বৃত্তরা দেড়লাখ টাকা আদায় করেছে বলে তার এক সহকর্মী জানিয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

তবে, পুলিশ বলছে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন

প্রিমিয়ার ব্যাংক ডিইপিজেড শাখার ব্যবস্থাপক আখতার উজ্ জামান।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, ব্যাংক কর্মকর্তা আখতার উজ জামান অপহৃত হননি, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।

“যাত্রীবেশে ছিনতাইকারীরা তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে এটিএম কার্ড দিয়ে টাকা তুলে আশুলিয়ার পাশের চন্দ্রা এলাকায় ফেলে যায়।

“পরেতিনি একাই বাড়ি চলে যান।”

ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান কিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে ব্যাংকের কাজ শেষে বাসায় যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আখতার উজ জামান।

“ওই সময় একটি বাস এসে তাকে তার গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বললে তিনি বাসে ওঠেন।”

এএসপি জানান, বাসে ওঠার পর তাকে হাত-পা বেঁধে এটিএম কার্ড, কিছু টাকা নিয়ে সারারাত ঘুরিয়ে সকালে নামিয়ে দেয়।

“অপহরণের বিষয়টি লিখিতভাবে থানা পুলিশকে অবহিত করা না হলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

“তবে ঘটনাটি অপহরণ নাকি পারিবারিক কোনো শত্রুতা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।”

ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এদিকে, ব্যাংকটির জুনিয়র অফিসার রাইছুল আকন্দ জানান, রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ব্যাংক থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি।

“এ সময় একটি বাস থেকে দুজন লোক নেমে অস্ত্রের মুখে তাকে জোর করে বাসে তুলে মুখ হাত ও পা বেঁধে ফেলে। তখন বাসে আরও ১০/১২ জন ছিল।

“পরে তার কাছে থাকা কিছু নগদ টাকা ও এটিএম কার্ড হাতিয়ে নেয় তারা।”

রাইছুল আকন্দ জানান, পরে ব্যাংক কর্মকতার মোবাইল ফোন থেকে তার স্ত্রী সেলিনা পারভীনকে ফোন করে বাসা থেকে নগদ এক লাখ টাকা ও ক্রেডিট কার্ড দিতে বলে তারা।

“রাত আড়াইটার দিকে উত্তরার বাসা থেকে ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার পর বিভিন্ন বুথ থেকে প্রায় দেড় লাখ টাকা উঠিয়ে নেয় অপহরণকারীরা।”

মারধর করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান রাইছুল।