২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যায় অভিযোগ গঠন ফের পেছাল

অসুস্থতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন নবমবারের মতো পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ গঠনের দিন থাকলেও মামলার ৩২ আসামির সবাই উপস্থিত না থাকায় বিচারক মকবুল আহসান শুনানি পিছিয়ে দেন।

অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ রাখা হয়েছে বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ড গঠন করে আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষার পর ওইদিনই আদালতে প্রতিবেদন দিতে এবং তাকে হাজির করতে বলা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ কারাগারে আটক এ মামলার ১৪ আসামির মধ্যে বাকি ১৩ জনকে এদিন আদালতে হাজির করা হয়।

মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে আছেন। পলাতক আছেন ১০ জন। 

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই হামলায় আরো নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন শতাধিক নেতাকর্মী।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

গত ১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ থেকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।