উত্ত্যক্তের যন্ত্রনায় আত্মহত্যার চেষ্টা
যশোরের শার্শায় এক বখাটের উক্ত্যক্তে যন্ত্রনায় অতীষ্ঠ এক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে এখন চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী (১৩)।
ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এনাম উদ্দিন শিপন বলেন, মেয়েটিকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মেয়েটির উন্নত চিকিৎসার প্রয়োজন বলেও জানান তিনি।
স্থানীয়রা ও ওই ছাত্রীর স্বজনরা জানান, উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে একই গ্রামের তৈয়ব আলির বখাটে ছেলে মোখলেছুর রহমান মোখলেছ (২০) স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করত।
বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা মোখলেছকে সতর্ক করে দেন। এতে ওই যুবক উত্ত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
ওই ছাত্রীর প্রতিবেশী কল্যাণী রানী ও পলাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত মেয়েটিকে উত্ত্যক্ত করায় মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে বিষপান করে মেয়েটি। বিষয়টি জানাজানি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে উন্নত চিকিৎসার কথা বলে সেখান থেকে নিয়ে যেতে বলা হয়।
অভিভাবকের আর্থিক অস্বচ্ছলতার কারণে তারা মেয়েটিকে ভালো কোনো হাসপাতালে নিতে না পারায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের হুমকি ধামকির কারণে আগে থানায় মামলা করতে সাহস পায়নি মেয়েটির বাবা।
তারা বলেন, থানায় অভিযোগ দেওয়ার আগেও পুলিশ ঘটনাটি জানত, কিন্তু ‘অজ্ঞাত কারণে’ কোনো ব্যবস্থা নেয়নি।
শার্শা থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে ওই মেয়ের বাবা থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাটি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাতেই মোখলেছকে আটকের জন্য অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
